ঝিনাইদহে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকট সমাধানে সরকারকে বিভিন্ন সময়ে অন্তত ৩৮টি প্রস্তাব দিয়েছে বিরোধী দল।

শুক্রবার বেলা সাড়ে ১১টায় ঝিনাইদহে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে তিনি এ কথা বলেন। তিনি বলেন, সংকট মোকাবিলায় নিজস্ব অর্থায়নে বিশেষজ্ঞ নিয়োগ করে তাদের পরামর্শও সরকারের কাছে প্রস্তাব আকারে দেওয়া হয়েছে। কিন্তু সরকার বিরোধী দলের এসব প্রস্তাবের কোনোটি গ্রহণ করেনি।

গোলাম পরওয়ার বলেন, জামায়াতসহ বিরোধী দল সরকারকে সহযোগিতা করতে চায়। সরকারের পক্ষ থেকে বিরোধী দলের অসহযোগিতার অভিযোগকে তিনি ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।

বিএনপির সমালোচনা করে তিনি বলেন, দলটি জামায়াতের প্রতি অকৃতজ্ঞ আচরণ করছে। এ সময় আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের যোগাযোগ বা আঁতাতের অভিযোগেরও প্রতিবাদ করেন তিনি।এর আগে ঝিনাইদহ শহরের হামদহ এলাকায় ঝিনাইদহ জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মিয়া গোলাম পরওয়ার।

অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজাসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।