বগুড়ার নন্দীগ্রামে কালীমন্দিরে ভাঙচুর করে দান বাক্সের টাকা ও বিভিন্ন পূজার সামগ্রী চুরির অভিযোগ উঠেছে। এ সময় মন্দিরের একটি মূর্তি নিয়ে গিয়ে পাশের ডোবায় ফেলে রাখা হয়। পরে মূর্তিটি উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বন) রাত থেকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার মধ্যে উপজেলার ভাটরা ইউনিয়নের মাটিহাঁস গ্রামের ডহরপুর কালীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।
মন্দিরের পুরোহিত শ্রী খগেন্দ্রনাথ প্রামাণিক জানান, বৃহস্পতিবার রাতে পূজা-অর্চনা শেষে তিনি মন্দির থেকে বাড়িতে চলে যান। শুক্রবার সকালে মন্দিরে এসে তিনি দেখতে পান, দান বাক্সটি ভাঙা এবং ভেতরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। এ সময় একটি মূর্তি মন্দিরে পাওয়া যাচ্ছিল না। পরে মন্দিরের পাশে একটি ডোবায় খোঁজ করে মূর্তিটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এছাড়া মাটিহাঁস থেকে হাটকড়ইগামী আঞ্চলিক সড়কের পাশের ধানখেতে ‘সন্ন্যাসী ঠাকুর’ নামের আরেকটি মূর্তি পড়ে থাকতে দেখা যায়।
মন্দির কর্তৃপক্ষের দাবি, কাঁসার ঘণ্টা, ত্রিশূল, কাঁসার কাঁসি, কাঁসার প্লেটসহ বিভিন্ন পূজার সামগ্রী এবং দান বাক্সের টাকা চুরি হয়েছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় গ্রামের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল থানায় এসে অভিযোগ করেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।