ঝিনাইদহের কালীগঞ্জে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে রেললাইনে পড়ে রাবেয়া খাতুন (৩৭) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে মোবারকগঞ্জ রেলস্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাবেয়া খাতুন ঢাকার খিলক্ষেতের জোয়ার সাহারা এলাকার ইকবাল হোসেনের মেয়ে।

স্বজনরা জানান, দুই দিন আগে তিনি কালীগঞ্জ পৌরসভার বলিদাপাড়া এলাকায় বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি দুই কন্যাসন্তানের জননী। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি ছেড়ে দেওয়ার পর রাবেয়াকে চলন্ত ট্রেনে উঠতে নিষেধ করা হলেও তিনি চেষ্টা করেন।

এ সময় পা পিছলে পড়ে তার দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ফায়ার সার্ভিস তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে যশোরে রেফার্ড করা হলে পথিমধ্যে তার মৃত্যু হয়। চিকিৎসক জানান, অতিরিক্ত রক্তক্ষরণসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত ছিল।