ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে এ ঘটনা ঘটে। ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) সুশান্ত কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় ফল ব্যবসায়ী জানান, প্রতিদিনের মতো শনিবার সকালে পুরাতন ডিসি কোর্টের সামনে অস্থায়ী ফলের দোকান খুলতে যান তিনি। এ সময় দোকানের পাশে একটি ব্যাগের মধ্যে লাল টেপ দিয়ে মোড়ানো ককটেল সদৃশ দুটি বস্তু দেখতে পান।
পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঝিনাইদহ সদর থানার এসআই সুশান্ত কর্মকার বলেন, ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে কে বা কারা এগুলো সেখানে রেখে গেছে, তা তদন্ত করে শনাক্তের চেষ্টা চলছে। জড়িতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।