নাটোর শহরের পিটিআই মোড় এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় আবু চাঁদ মোল্লা (৫৫) নামে এক বাইসাইকেল চালকের মৃত্যু হয়েছে। তিনি বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট মাহমুদুল হাসান স্যাপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন।

রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবু চাঁদ মোল্লা বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর তালতলা গ্রামের নছির উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে আবু চাঁদ মোল্লা বাইসাইকেল নিয়ে নাটোর শহরের তেবাড়িয়া হাটে যান। হাটের কাজ শেষে বাড়ি ফেরার পথে পিটিআই মোড় এলাকায় পৌঁছালে রাজশাহী থেকে নাটোরগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।

স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নাটোর সদর থানার ওসি মনসুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসটি ও চালককে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় সড়ক আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।