জীবন-জীবিকার উন্নয়ন ও স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এবং প্রাক্তন সেনা কল্যাণ সমিতির বাস্তবায়নে উপকারভোগীদের মাঝে বিনামূল্যে পা-চালিত ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কর্মকর্তা অসিত কুমার সাহা। অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা আফাজ উদ্দিন, ওয়ারেন্ট অফিসার (অব.) এ কে এম শাহিনুজ্জামান, সার্জেন্ট (অব.) মো. সুমায়ন হোসেন, ওয়ারেন্ট অফিসার (অব.) রজব আলী, মোতাহার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, দরিদ্র ও অসহায় মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের মাধ্যমে তাদের স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পা-চালিত ভ্যানগাড়ির মাধ্যমে উপকারভোগীরা আয়-রোজগারের সুযোগ সৃষ্টি করে নিজেদের ও পরিবারের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারবেন।

প্রাক্তন সেনা কল্যাণ সমিতির সভাপতি এমদাদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষে ১৬ জন উপকারভোগীর মাঝে ১৬টি পা-চালিত ভ্যানগাড়ি বিনামূল্যে বিতরণ করা হয়।