“একসাথে, আরও শক্তিশালী-জলাতঙ্কমুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক ইকবাল মাহামুদ লিটনের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জলাতঙ্ক রোগের ভয়াবহতা, প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন, প্রসূতি, স্ত্রীরোগ ও সার্জারি বিশেষজ্ঞ চিকিৎসা মনোজ্ঞ চিত্রলেখা কুন্ডু, অ্যানেস্থেসিয়া বিশেষজ্ঞ চিকিৎসা সামিউল হক, চিকিৎসা কর্মকর্তা ফারিহা খান ও চিকিৎসা কর্মকর্তা নিশাত রিমা। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্টাফরা উপস্থিত ছিলেন।

সভায় জলাতঙ্ক প্রতিরোধে সময়মতো টিকা গ্রহণ, কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ের পর দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় টিকা গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।