রাজধানীর বায়তুল মোকাররম বিআরটিসি বাস ডিপোর সামনে থেকে সাংবাদিক বাদল দাস (২৮) নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে তিনি নিখোঁজ হন বলে সহকর্মীরা জানিয়েছেন।
বাদল দাসের পিতা মৃত বাসুদেব ও মাতা গৌরী রানী দাস। তাঁর স্থায়ী ঠিকানা পটুয়াখালী পৌরসভার সদর রোড নতুন বাজার এলাকায়। নিখোঁজের সময় তাঁর পরনে জলপাই রঙের শার্ট ও সাদা প্যান্ট ছিল।
নিখোঁজের পর রাত ৮টা ৪৫ মিনিটে সাংবাদিক ফোজিত শেখ বাবুর মোবাইল ফোনে ০১৬১২৪৫১৩৮৬ নম্বর থেকে কল আসে। কলকারী বাদল দাসের সঙ্গে তাঁর সম্পর্ক জানতে চান। ফোজিত শেখ বাবু নিজেকে বাদল দাসের সহকর্মী সাংবাদিক পরিচয় দেওয়ার পর কলটি কেটে দেওয়া হয়। পরে নম্বরটিতে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাদল দাসের সন্ধানে সহকর্মী ও পরিচিতরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করছেন। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
কেউ বাদল দাসের সন্ধান পেলে নিকটস্থ থানায় অথবা ০১৭১২৭৯৩৩৮৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।