আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করতে বগুড়ায় প্রস্তুতি সভা করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এবার জেলার ৭২৫টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে সভায় জানানো হয়েছে।
গতকাল শুক্রবার (২ অক্টোবর) দুপুর ১২টায় বগুড়া শহরের সাতমাথা সনাতন মন্দিরে জেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।
সভায় জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সমর সাহা, সাংগঠনিক সম্পাদক অসীম দাস, দপ্তর সম্পাদক প্রদ্যুৎ কুমার চাকীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এছাড়া বগুড়া মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, সাধারণ সম্পাদক সুজিত জয়সোয়াল এবং বিভিন্ন উপজেলা শাখার নেতারা বক্তব্য দেন।
সভায় জেলা, মহানগর ও উপজেলা পর্যায়ের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকরা দুর্গাপূজার সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা এবং মণ্ডপ ব্যবস্থাপনা নিয়ে মতামত দেন।
সভায় জানানো হয়, এ বছর বগুড়া জেলায় মোট ৭২৫টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রতিটি মণ্ডপে সার্বক্ষণিক তদারকি ও মনিটরিংয়ের জন্য স্বেচ্ছাসেবক কমিটি গঠন, সিসি ক্যামেরা স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া মণ্ডপগুলোতে গুজব প্রতিরোধে সতর্কতা, বিকল্প বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর রাখা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করা এবং নারী-পুরুষের পৃথক যাতায়াতের ব্যবস্থা রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।