”ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল”, তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে খেলাধুলায় বিকল্প নাই। এমনভাবে খেলাধুলায় তরুণ প্রজন্মকে ব্যস্ত রাখতে হবে যাতে তারা মাদক ও জুয়ায় জড়িয়ে না পড়ে এবং তাদের শারীরিক ও মানসিক গঠনটা ভালো হয় বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন। শনিবার (৩ অক্টোবর) বিকাল ৪ টার দিকে বিরামপুর মিনি স্টেডিয়ামে মরহুমা খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল প্রীতি ফুটবল খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘আগামীর তরুণ প্রজন্মকে যদি আমরা রক্ষা করতে চাই। তাহলে তাদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক গঠনে খেলাধুলাসহ অন্যান্য যেসব মাধ্যম আছে, সেগুলোতে উৎসাহী করতে হবে।
আমরা যারা সমাজে রাজনীতির বাইরেও পেশাজীবী, বিভিন্ন ব্যবসায়ী, শিক্ষক, সরকারি-বেসরকারি স্কুল-কলেজ-মাদ্রাসার বা সরকারি- অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী, কৃষক-শ্রমিক—আমরা যারা আছি, আমাদের নাগরিক দায়িত্ব আছে। সেই লক্ষ্যেই রাজনীতির বাইরে গিয়ে আমাদের এ আয়োজন’।
তিনি বলেন, ‘আমরা সবেমাত্র শুরু করতে যাচ্ছি। আমাদের ২৩টি ইউনিয়ন আছে, ৩টি পৌরসভা আছে। মোট ২৬টি দল হবে। ৪টি উপজেলার মধ্যে—অর্থাৎ নবাবগঞ্জ, বিরামপুর, ঘোড়াঘাট ও হাকিমপুর—এ ৪টি উপজেলার (বিরামপুর-হাকিকপুর ও নবাবগঞ্জ-ঘোড়াঘাট) মধ্যে প্রথম রাউন্ডে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
এসময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল ইসলাম, সমাজকল্যাণ মন্ত্রীর স্ত্রী ডাক্তার শরিফা করিম স্বর্ণা, মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আহ্বায়ক ও হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, জেলা বিএনপির সহ সভাপতি তোসাদ্দেক হোসেন তোসা, সাবেক ভিপি কমর সেলিম,বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, পৌর যুবদলের আহবায়ক এ্যাড. মিঞা শিরন আলম, পৌর যুবদলের সদস্য সচিব পলাশ বিন আশরাফী, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দসহ অনেকে উপস্থিত ছিলেন।
খেলা শুরুর আগে মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন শেষে কবুতর উড়িয়ে খেলার শুভ উদ্বোধন করেন, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল ইসলাম।