রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ স্বাস্থ্য সেবার সার্বিক অবস্থা স্বচক্ষে দর্শন করেছেন রংপুর-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মোঃ নুরুল আমীন । তিনি বেশ কয়েকটি দেশ সফর শেষে গতকাল রোববার সকালে পীরগঞ্জে আসেন এবং দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন।
এ সময় তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সাথে স্বাস্থ কমপ্লেক্সের সমস্যা, চিকিৎসা সেবা প্রদান ডেঙ্গু পরিস্থিতি ও সেবাপ্রত্যাশী মানুষের খোঁজখবর নেন।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাসুদ রানাসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
মতবিনিময়কালে হাসপাতালের সার্বিক কার্যক্রম, চিকিৎসাসেবা প্রদান, রোগীদের বিভিন্ন সমস্যা, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি এবং হাসপাতালকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনায় উঠে আসা সমস্যা ও অভিযোগগুলো পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জনগণকে আরও কার্যকর, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে মোঃ নুরুল আমিন এমপি বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম দায়িত্ব।
পীরগঞ্জের মানুষ যেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কাঙ্ক্ষিত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে, সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করার আহবান জানান তিনি।