শিক্ষকদের মর্যাদা, অধিকার ও পেশাগত উন্নয়ন নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে বগুড়ার শেরপুরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক মেয়র জানে আলম খোকা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুণ্ডু, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ-আল-মাহমুদ।
এ সময় শিক্ষক সমিতির সভাপতি মো. নুরুল ইসলাম তরফদার জিন্নাহ, প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, অধ্যক্ষ মো. আব্দুল হাই বারী, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, অধ্যক্ষ মো. হাফিজুর রহমান, প্রভাষক আশরাফুল আলম এবং জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের সভাপতি মো. মিজানুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা বক্তব্য দেন। সভা সঞ্চালনা করেন শিক্ষক আব্দুস সালাম সরকার।
বক্তারা বলেন, একটি জাতির উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা শুধু পাঠদান করেন না, শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তোলেন। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাঁদের পেশাগত দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা অংশ নেন।