রংপুরের পীরগঞ্জ থানা পুলিশ ধানক্ষেত থেকে বিপুল চন্দ্র বর্মন (৪২) নামে এক ভ্যানচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। গতকাল সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার বড় মজিদপুর এলাকার ধানক্ষেত থেকে লাশ ও চার্জার ভ্যানটি উদ্ধার করে।

নিহত ভ্যান চালক বিপুলের বাড়ী উপজেলার বাহাদুরপুর গ্রামে। ওই গ্রামের মহান চন্দ্র বর্মনের ছেলে। বিপুল ৫ কন্যা সন্তানের বাবা। পারিবারিক সুত্রে জানা যায়, নিজের জমি জমা না থাকলেও অন্যের জমি বর্গা নিযে চাষাবাদ করার পাশাপাশি দিন মজুরী করেন। রাতে চার্জার ভ্যান চালান দীর্ঘ দিন থেকে। এ ভাবে সংসার চলে তাঁর। ৩ মেযেকে বিয়েও দিয়েছেন।

কঠোর পরিশ্রমি বিপুল প্রতি দিনের মতো ঘটনার দিন সোমবার সন্ধ্যায় ভ্যান নিয়ে বাড়ী থেকে বেরিয়ে আসেন। সারারাত বাড়ী ফেরেননি বিপুল। পরিবারের লোকজন মঙ্গলবার সকালে বিপুল নিহতের খবর পায়।

স্থানীয় সুত্র জানায়, সোমবার দিবাগত গভীর রাতে বড় মহাজিদপুর মৌজায় রংপুর-ঢাকা মহাসড়কের পশ্চিম পাশে সোডাপীরগামী পাকা সড়কের উত্তর দিকে একটি ধানক্ষেতে অজ্ঞাত গলাকাটা লাশ ও পাশে চার্জার ভ্যানটিও পড়ে ছিল । খবরপেয়ে পুৃলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, ধানক্ষেতের বেশ কিছু ধানগাছ ভাঙ্গা ছিল। এতে ভ্যান ছিনিয়ে নেওয়ার চেষ্টা কিংবা অন্য কোনো কারণে দুর্বৃত্তদের সাথে তাঁর ধস্তাধস্তি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যাকা-ের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনাটি তদন্ত ও জড়িতদের গ্রেফতারের পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে। লাশ মর্গে পাঠানো হয়েছে।