ভোলায় একটি কাভার্ড ভ্যান থেকে ৬১ ব্যারেল চোরাই সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক মো. ওমর ফারুককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জব্দ করা তেলের পরিমাণ প্রায় ১২ হাজার ২০০ লিটার বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভোলা সদর উপজেলার ইলিশা বাজার সংলগ্ন ভোলা-লক্ষ্মীপুর সড়কে অভিযান চালিয়ে এসব সয়াবিন তেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল ইলিশা বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে ৬১ ব্যারেল সয়াবিন তেল পাওয়া যায়। পরে গাড়ির চালক মো. ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়।
ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বশির আহমেদ জানান, প্রাথমিকভাবে তেলগুলোকে অবৈধভাবেই আটক করা হয়েছে তবে দৌলতখান উপজেলা থেকে কাভার্ড ভ্যানটিতে চোরাই সয়াবিন তেল বোঝাই করে ঢাকার উদ্দেশে নেওয়া হচ্ছিল। এসময় জব্দ করা ৬১ ব্যারেলে আনুমানিক ১২ হাজার ২০০ লিটার সয়াবিন তেল রয়েছে।