মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে কক্সবাজার জেলা প্রশাসন।
গত মঙ্গলবার দুপুরে বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে ফুলেল শুভেচ্ছা জানানোর মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তি যোদ্ধা পরিবারের সদস্যদের সম্বর্ধনা প্রদান করা হয়।
এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: আ: মান্নান। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ১৯৭১ এ বীর মুক্তিযোদ্ধাগণ তাঁদের অদম্য সাহসিকতায় দেশকে পরাধীনতার শৃংখল থেকে মুক্ত করেছেন।
বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সেইসব ইতিহাস সঠিকভাবে জানাতে হবে। কারণ তরুণরাই মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এবং পারস্পরিক সৌহার্দ্যের মধ্যে দিয়েই বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।সভায় পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাবুদ,ফজলুল কাদের চৌধুরীসহ বীর মুক্তিযোদ্ধাগণ বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সভাশেষে ৫০জন বীর মুক্তিযোদ্ধা পরিবারকে পাঁচ হাজার টাকা করে দুই লক্ষ পঞ্চাশ টাকা হাজার উপহার প্রদান করা হয়। এরপরে শহীদ মুক্তিযোদ্ধা ও বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।