নওগাঁর সাপাহার এবং জয়পুরহাটের কড়িয়া সীমান্তে সাতজনকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের (পুশইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল মঙ্গলবার সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা এবং জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে সাতজন সীমান্তের শূন্য লাইনে অবস্থান করছেন।
জানা গেছে, মঙ্গলবার ভোরে সাপাহার উপজেলার সোনাডাঙ্গা (বিওপি) এলাকা দিয়ে আটিলা বিএসএফ ক্যাম্পের সদস্যরা চারজনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেন। তাদের মধ্যে তিনজন পুরুষ, একজন নারী। খবর পেয়ে সোনাডাঙ্গা বিজিবির টহল দল ঘটনাস্থলে পৌঁছে অনুপ্রবেশের চেষ্টা ঠেকিয়ে দেয়। বর্তমানে ওই চারজন ভারত ও বাংলাদেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।
অপরদিকে আজ সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় তিনজনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে যায় এবং পুশইন প্রতিহত করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের সহায়তায় সার্বক্ষণিক নজরদারি জোরদার করা হয়েছে।
নওগাঁ ১৪ বিজিবির ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ এহসান হাবীব পিএসসি জানান, বর্তমানে তাদের ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর প্রচেষ্টা চলছে। ওই এলাকায় টহল জোরদার করা হয়েছে। অবৈধ ভাবে বাংলাদেশে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।