জয়পুরহাটে প্রথম ফ্রেন্ডশিপ ও অ্যাডভেঞ্চার ক্যাম্প -২০২৬ এর সমাপনী ও তাঁবু জলসা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার রাতে জয়পুরহাট সরকারি কলেজ মাঠে জয়পুরহাট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের আয়োজনে সমাপনী ক্যাম্প ও তাঁবু জলসায় সভাপতিত্ব করেন জয়পুরহাট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্যাম্প ফায়ার ও তাঁবু জলসার উদ্বোধন শেষে বক্তব্য দেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জেসমিন নাহার, জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল ইসলাম, ক্যাম্প সচিব মাহবুব মোর্শেদুল আলম লেবুসহ জয়পুরহাট সরকারি কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীরা।
চার দিনব্যাপী এই ক্যাম্পের শুরু হয় গত ৭অক্টোবর। রবিবার সকালে সার্টিফিকেট বিতরণের মধ্য দিয়ে চার দিনব্যাপী ক্যাম্পের সমাপ্তি ঘটে। বন্ধুত্বে বন্ধন অভিযানে অর্জন এই স্লোগানে ফ্রেন্ডশিপ ক্যাম্পে রোভার সদস্যরা প্রকৃতি দর্শন, ট্রেকিং, হাইকিং এবং অবসট্রাকল সহ বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করে। ক্যাম্পে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৮০ জন রোভার সদস্য অংশগ্রহণ করে।