রাজশাহীর পুঠিয়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। সভায় সভাপতিত্ব করেন পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল বলেন, কন্যাশিশুরা পরিবার, সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ গড়ে তুলতে হবে। বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রসার এবং কন্যাশিশুদের আত্মবিশ্বাসী ও স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে পরিবার, শিক্ষক ও সমাজের সচেতন মানুষের সম্মিলিত ভূমিকা অপরিহার্য।
কন্যাশিশুরা উপযুক্ত সুযোগ পেলে ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। কন্যাশিশু দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা করা হয় এবং প্রতিযোগীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, সাবেক পৌর চেয়ারম্যান আসাদুল হক আসাদ, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ ভুট্টো, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুনসুর রহমান মাস্টার, রাজশাহী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারুক রায়হান, সাবেক পৌর বিএনপির সভাপতি বজলুর রহমান, সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং সুধী সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।