‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদর সভাকক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা আকতার বানু সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম সারওয়ার জাহান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আবুল হোসেন খান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সরদার মো. ফজলুল করিম, উপজেলা সমবায় কর্মকর্তা ঝরনা রানী দেবনাথ, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা রবিউল ইসলাম, ইউআরসির ইন্সট্রাক্টর শামসুল আলম এবং জাতীয় মহিলা সংস্থার নন্দীগ্রাম উপজেলা শাখার সংগঠক কোহিনুর বেগম প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন পর্যায়ের কন্যাশিশু ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী কন্যাশিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।