বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীতকরণ করা হয়েছে। বর্ধিত করণ শয্যার কার্যক্রমের উদ্বোধন করেছেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের শিশু ইউনিটেরও উদ্বোধন করেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হওয়ায় স্থানীয় জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির সুযোগ আরও সম্প্রসারিত হবে। সাধারণ মানুষ যাতে নিজ এলাকায় মানসম্মত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও চিকিৎসার সুযোগ বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম,স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, বিএনপি নেতা আব্দুল হাকিম, ইয়াছিন আলী, রেজাউল করিম, গোলাম মোস্তফা, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্তসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক আদেশে নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করা হয়। যাহার স্মারক নম্বর ৪৫.০০.০০০০.০০০.১৬০.৯৭.০০০১.২৩.৭৬।

এর আগে দুপুর ১২টায় আলহাজ্ব মোশারফ হোসেন এমপি উপজেলার বুড়ইল ইউনিয়নের খেংসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফা, স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানসহ বিএনপি নেতাকর্মী ও স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে তিনি বুড়ইল উচ্চ বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে নগদ অর্থ ও চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। উপজেলার ৪৮টি মন্দিরে সরকারি ব্যবস্থাপনায় প্রতিটিতে ৬০০ কেজি করে চাল এবং এমপির ব্যক্তিগত তহবিল থেকে প্রতিটি মন্দিরে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।

এদিন আন্তর্জাতিক দুর্যোগ ও প্রশমন দিবস উপলক্ষ্যে আয়োজিত র‌্যালি, মহড়া ও আলোচনা সভায়ও অংশ নেন তিনি।