ঝিনাইদহে বিসিআইসি সারের ডিলার নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি, দলীয়করণ ও অর্থ লেনদেনের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের আলহেরা পাড়ায় জামায়াতের জেলা কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবু বকর অভিযোগ করেন, জেলার বিভিন্ন উপজেলায় যোগ্যতা ও অভিজ্ঞতার পরিবর্তে রাজনৈতিক পরিচয়, আত্মীয়তার সম্পর্ক এবং অর্থের বিনিময়ে সারের ডিলারশিপ দেওয়া হয়েছে।
তিনি দাবি করেন, কালীগঞ্জ, মহেশপুর, হরিণাকু-ু ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রভাবশালী নেতাদের আত্মীয়স্বজন এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা ডিলারশিপ পেয়েছেন।
অনেকের প্রয়োজনীয় ব্যবসাপ্রতিষ্ঠান ও আর্থিক সক্ষমতা নেই বলেও অভিযোগ করেন তিনি। এ ছাড়া জেলা পরিষদে নিয়োগে স্বজনপ্রীতি, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বদলিতে অনিয়ম, চাঁদাবাজি, দখলবাজি এবং জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে প্রতিবাদ জানানো হয়। সংবাদ সম্মেলনে অনিয়মের মাধ্যমে দেওয়া ডিলারশিপ বাতিল, সংশ্লিষ্ট কমিটি পুনর্গঠন, দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ এবং সার, তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য কমানোসহ ছয় দফা দাবি জানানো হয়।
জেলা আমির বলেন, সরকারি নিয়োগ ও সুযোগ-সুবিধা রাজনৈতিক প্রভাবমুক্ত রেখে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে নিশ্চিত করতে হবে। এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের এমপি মাওলানা আবু তালেব, জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলিম, সদর উপজেলা জামায়াতের আমির ড. হাবিবুর রহমান, আব্দুল হাই প্রমুখ।