নওগাঁর আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর (৩০) মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে উপজেলার আহসানগঞ্জ রেলস্টেশন ব্রিজের দক্ষিণ পাশে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সান্তাহার জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।

তিনি আরও জানান, নিহত নারীর কাছে বাংলাদেশ জাতীয় বধির সংস্থার কিছু কাগজপত্র পাওয়া গেছে। তবে সেগুলোর ভিত্তিতে এখনো তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সময় তার পরনে গোলাপি রঙের থ্রি-পিস ছিল।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।