একটি গোলেই সমর্থকদের সব অভিমান দূর হয়ে যাওয়ার কথা। কিন্তু হুলিয়ান আলভারেজের ক্ষেত্রে হিসাবটা এত সহজ নয়। আতলেতিকো মাদ্রিদের হয়ে জয়সূচক গোল করেও তাই স্বস্তিতে থাকার সুযোগ নেই আর্জেন্টাইন ফরোয়ার্ডের। বরং মাঠের পারফরম্যান্সের পাশাপাশি সমর্থকদের কাছে নিজের অবস্থান পরিষ্কার করতেই বেশি মনোযোগী তিনি।
২৪ অক্টোবর (শনিবার) দেপোর্তিভো লা করুণার বিপক্ষে ১-০ গোলের জয় এনে দিয়েছেন আলভারেজ। কিন্তু মৌসুমের শুরুতে বার্সেলোনায় যাওয়ার আগ্রহ প্রকাশকে কেন্দ্র করে আতলেতিকো সমর্থকদের মধ্যে যে অসন্তোষ তৈরি হয়েছিল, তা এখনো পুরোপুরি কাটেনি। তাই গোল করার পরও অতীতের আচরণ নিয়ে অনুশোচনা প্রকাশ করেছেন এই স্ট্রাইকার।
নিজের বক্তব্যের জন্য সমর্থকদের কাছে দুঃখ প্রকাশ করে মুভিস্টারকে আলভারেজ বলেন, ‘বিশ্বকাপ চলাকালে আমার বলা কথাগুলোর জন্য সমর্থকদের কাছে ক্ষমা চাই। আমি যেভাবে কথাগুলো বলেছি এবং যে সময়ে বলেছি, সেটা ভুল ছিল।’
মৌসুমের শুরুর দিকে গ্যালারি থেকে দুয়োও শুনতে হয়েছে তাকে। সমর্থকদের এমন প্রতিক্রিয়ার কারণ বুঝতে পারছেন বলে জানিয়েছেন আলভারেজ। তার ভাষায়, ‘সমর্থকেরা কেন ক্ষুব্ধ হয়েছেন, তা আমি বুঝতে পারছি। আতলেতিকোয় আসার পর থেকে তারা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, তা বিবেচনায় নিলে তাদের প্রতিক্রিয়া স্বাভাবিক। তারা আমার প্রতি অনেক উদারতা দেখিয়েছেন। এখন আমার কাজ করার এবং নিজের সবটুকু দেওয়ার সময়।’
দেপোর্তিভোর বিপক্ষে আলভারেজের গোলটি শুধু দলকে তিন পয়েন্টই এনে দেয়নি, বার্সেলোনার সঙ্গে আতলেতিকোর ব্যবধানও কমিয়ে এনেছে দুই পয়েন্টে। লা লিগায় আট মাস পর এটি তার প্রথম গোল। আতলেতিকোর ঘরের মাঠে লিগে সর্বশেষ গোলটি করেছিলেন ২০২৫ সালের নভেম্বরে।
এর আগে চার দিন আগে চ্যাম্পিয়নস লিগেও জালের দেখা পেয়েছেন তিনি। পরপর দুই প্রতিযোগিতায় গোল পাওয়ায় ধীরে ধীরে ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
নিজের বর্তমান অবস্থা নিয়ে আলভারেজ বলেন, ‘আমি ক্রমেই ভালো অনুভব করছি। সব সময়ই সমর্থন পেয়েছি। নিজের উন্নতির জন্য কাজ করছি। শারীরিকভাবেও আগের চেয়ে ভালো বোধ করছি। জীবনে যখন ভালো থাকেন, তখন তার প্রভাব মাঠেও দেখা যায়। আমরা পেশাদার খেলোয়াড় হলেও জীবনের অন্যান্য বিষয় আমাদের ওপর প্রভাব ফেলে।’
দেপোর্তিভোর বিপক্ষে গোল করার পর গ্যালারির অনেক সমর্থক হাততালি দিয়ে আলভারেজকে অভিনন্দন জানিয়েছেন। তবে দর্শকদের একটি অংশের অসন্তোষ এখনো রয়ে গেছে। এমন পরিস্থিতিতে খেলোয়াড়ের ক্ষমা চাওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে।
সংবাদ সম্মেলনে আলভারেজের পাশে দাঁড়িয়ে সিমিওনে বলেন, ‘যারা ক্ষমা চান, তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা। কারণ, ক্ষমা চাওয়াটা সহজ নয়। আলভারেজের জন্য আমি খুব খুশি। আমার মনে হয়, এখন সে অনেকটা স্বস্তি অনুভব করছে। খেলোয়াড় হিসেবে আলভারেজকে নিয়ে আমি দারুণ খুশি। আমাদের তাকে প্রয়োজন।
মাঠে গোল করে দলের প্রয়োজন মিটিয়েছেন আলভারেজ। তবে সমর্থকদের আস্থা পুরোপুরি ফিরে পেতে তাকে এখন ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি নিজের প্রতিশ্রুতির প্রমাণও দিতে হবে।