সরকারকে বিব্রত করতেই পুলিশ মহপদির্শকের (আইজিপি) ক্রসফায়ার নিয়ে বক্তব্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এর আগে, জিয়া উদ্যানে পতিত ফ্যাসিবাদ শক্তির পুনরুত্থান ঠেকাতে সতর্ক থাকার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।
এসময় সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা বলেন, দেশ গঠন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে যথাযথ ভূমিকা অব্যাহত রাখবে যুবদল।
এসময়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গণতন্ত্রের সংগ্রাম, মানুষের অধিকার রক্ষায় যুবদলের অসংখ্য নেতাকর্মী জীবন উৎসর্গ করেছেন। নেতাকর্মীদের অটল অবস্থান ধরে রাখলে, সরকারের বিরুদ্ধে পরিকল্পিত গুজব ছড়িয়েও কোনো লাভ হবে না।
পরে নয়াপল্টনে পুলিশ মহপদির্শকের ক্রসফায়ার নিয়ে বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন রুহুল কবির রিজভী। এরকম বক্তব্যের মাধ্যমে সরকারকে বিব্রত করার সমালোচনা করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘একটা পুলিশ বাহিনীর প্রধান তিনি সরকারের একটা অংশ। তিনি আবার ক্রসফায়ারের কথা বলেন কী করে? যদি স্লিপ অব টাং হয়ে থাকে সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু এটা তো সরকারকে বিব্রত করার মতো অবস্থা।
এরপর সেখানে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।