‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের মন্তব্যের সঙ্গে দ্বিমত জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না। এ ধরনের ঘটনার বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।
মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
আইজিপির বক্তব্য প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনের কঠোর প্রয়োগের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। এটি ঠিক হয়নি এবং এমন বক্তব্য দেওয়া উচিত ছিল না।
এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল আখ্যা দেয় বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপর গুরুত্ব দেন আইজিপি।
তার এ বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায় এবং ক্ষোভ প্রকাশ করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না সরকার। একইভাবে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও সরকার সহ্য করবে না। এ বিষয়ে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। অপরাধ দমন ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।