মাগুরা পৌর যুবদল নেতা শাকের হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামি রনি শিকদার ও শামীমা তাবাসসুম লুবনার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুরে মাগুরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা দুই আসামির ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক শান্তা ইসলাম প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় তাঁদের মাগুরা সদর থানায় নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়।
প্রকাশিত সংবাদ অনুযায়ী, হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন, ঘটনার সঙ্গে অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না তা যাচাই এবং অপরাধে ব্যবহৃত অস্ত্র ও যানবাহন উদ্ধারের লক্ষ্যে তদন্ত চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, গত ২১ অক্টোবর ভোরে মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার রয়েল এক্সপ্রেস পরিবহনের কাউন্টারে শাকের হোসেনের মরদেহ পাওয়া যায়। পরে ময়নাতদন্তে তাঁর মাথার খুলির ভেতর থেকে একটি বুলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় হত্যা মামলা করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন নিহতের স্বজনেরা।
মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান,পুলিশ মামলার রহস্য উদঘাটন,ব্যবহৃত অস্ত্র উদ্ধার, হত্যাকান্ডে জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রেখেছে।