দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে শুরু হয়েছে দিনব্যাপী জব ফেয়ার বা চাকরি মেলা। আজ মঙ্গলবার সকালে মেলার উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। মেলায় দেশের শতাধিক শিল্প ও সেবামূলক প্রতিষ্ঠানের অংশগ্রহণে চাকরি প্রত্যাশীদের সরাসরি নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সাধারণত রাজধানী ঢাকা ও দেশের বড় শহরগুলোতে চাকরি মেলার আয়োজন করা হলেও এবার ভারত সীমান্তবর্তী বিরামপুরে এ উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাঁদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ আয়োজন বলে জানান সংশ্লিষ্টরা।

আয়োজক সূত্রে জানা গেছে, মেলায় যমুনা গ্রুপসহ দেশের ১০০টিরও বেশি নামী শিল্প ও সেবামূলক করপোরেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ২৪ হাজারের বেশি চাকরি প্রত্যাশী নিবন্ধন করেছেন। মেলায় আগত প্রার্থীরা সরাসরি জীবনবৃত্তান্ত (সিভি) জমা দেওয়ার পাশাপাশি তাৎক্ষণিক সাক্ষাৎকারেও অংশ নিতে পারবেন।

মেলা ঘিরে সকাল থেকেই বিরামপুর সরকারি কলেজ মাঠে চাকরি প্রত্যাশীদের ভিড় বাড়তে থাকে। বিভিন্ন প্রতিষ্ঠানের স্টলে নিজেদের যোগ্যতা ও অভিজ্ঞতা অনুযায়ী চাকরির খোঁজ করছেন তরুণ-তরুণীরা। মেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি বিপুলসংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে।

স্থানীয় পর্যায়ে চাকরির সুযোগ সম্প্রসারণের এ উদ্যোগ সীমান্তবর্তী এলাকার শিক্ষিত বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানে কতটা ভূমিকা রাখে, এখন সেই প্রত্যাশাই চাকরি প্রত্যাশীদের।