জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে মার্কিন দূতাবাসের একটি কূটনৈতিক প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ ও দ্বি-পাক্ষিক মতবিনিময় বৈঠকে অংশ নিয়েছেন।

​মঙ্গলবার বিকালে জয়পুরহাট জেলা পরিষদ কার্যালয়ে এসে পৌঁছালে মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অফিসার চালর্স বেসনার্ড এবং অ্যাসিস্ট্যান্ট পলিটিক্যাল স্পেশালিস্ট ইকবাল মাহমুদকে স্বাগত জানানো হয়।

​পরবর্তীতে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধানের সাথে এক মতবিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জয়পুরহাট জেলার সার্বিক আর্থ-সামাজিক অবস্থা, উন্নয়ন সম্ভাবনা, বিদ্যমান বিভিন্ন চ্যালেঞ্জ ও স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট (বিশেষ করে বিএনপির রাজনৈতিক কার্যক্রম) নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

​এছাড়া জয়পুরহাট একটি সীমান্তসংলগ্ন এলাকা হওয়ায় সীমান্ত ব্যবস্থাপনা, সীমান্ত নিরাপত্তা এবং মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত নানা দিক বৈঠকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

​বৈঠকে মার্কিন প্রতিনিধিদল জয়পুরহাটের সীমান্ত ব্যবস্থাপনা, তরুণ সমাজের উন্নয়ন ও কল্যাণ এবং স্থানীয় আর্থ-সামাজিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

​এ সময় অন্যান্যের মধ্যে জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান এবং জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন উপস্থিত ছিলেন।