ইরানের তেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান হামিদ বোরদ মার্কিন অর্থমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় তাঁকে যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম নিয়ে উদ্বিগ্ন হওয়ার পরামর্শ দিয়েছেন।

মেহর নিউজ এজেন্সির বরাত দিয়ে পার্সটুডে জানায়, ইরানের তেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধান হামিদ বোরদ এক বার্তায় লিখেছেন, “মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টের উচিত ইরানিদের জ্বালানি মজুত করার পরামর্শ দেওয়ার পরিবর্তে নিজের দেশের জনগণের জন্য জ্বালানির দাম নিয়ে চিন্তা করা। মস্কোতে যখন গ্যাস কূটনীতি চলছে, তখন যুক্তরাষ্ট্র ডিজেল খুঁজে বেড়াচ্ছে। জ্বালানি মজুত করার পরামর্শ বেসেন্টের দেওয়া উচিত মার্কিন জনগণকে, যারা কয়েক মাস ধরে ট্রাম্পের দুঃসাহসিক নীতির মূল্য চুকিয়ে আসছেন।”

ইরানের তেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত প্রধানের এই বক্তব্য এমন সময়ে এসেছে, যখন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এর আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দুই সপ্তাহের মধ্যে ইরানের অর্থনীতি পুরোপুরি ভেঙে পড়বে। কিন্তু সেই সময়সীমা পেরিয়ে কয়েক সপ্তাহ অতিবাহিত হয়েছে।

এখন তিনি ইসরায়েলপন্থী সংবাদমাধ্যম ইন্টারন্যাশনাল-এর সঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, আগামী বছরের মার্চের মধ্যে ইরানের অর্থনীতি ২৫ শতাংশেরও বেশি সংকুচিত হবে।

তিনি ইরানের জনগণকে শীতের জন্য জ্বালানি মজুত করারও আহ্বান জানিয়েছেন।