বুধবার (২৮ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠে) সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুরের এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম।

এ সময় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়,‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্র ধারণ করে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক ব্যবসায়ীসহ সব ধরনের অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করছে। এ ছাড়াও, রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজন নিশ্চিত করতে এসআরবি বদ্ধপরিকর।

বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী আগামীকাল ২৯ অক্টোবর, ২০২৬ তারিখে ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে নির্বাচনী এলাকায় নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি এসআরবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এ নির্বাচনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব।

ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনে মোট ১৮৫টি ভোটকেন্দ্র রয়েছে। এর মধ্যে ১১৫টি ভোটকেন্দ্র অধিক গুরুত্বপূর্ণ এবং ৭০টি ভোটকেন্দ্র মধ্যম গুরুত্বপূর্ণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী, নির্বাচনের চার দিন আগে অর্থাৎ ২৫ অক্টোবর এসআরবি ফোর্স মোতায়েন হয়েছে। নির্বাচনের দিন থেকে নির্বাচনের পর দুই দিন, অর্থাৎ ৩১ অক্টোবর পর্যন্ত এসআরবি ফোর্স মোতায়েন থাকবে।

নির্বাচনে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নাশকতা, সহিংসতা বা যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।

নির্বাচনী এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসআরবি-১৩ সমন্বিত বা ইনটিগ্রেটেড টহল পরিচালনা করছে। এ উদ্দেশ্যে ৬ টি মোবাইল টহল দল এবং ২ টি স্ট্রাইকিং রিজার্ভ টহল দল মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছে। নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ, আইনশৃঙ্খলা রক্ষা, সন্দেহজনক কার্যক্রম শনাক্ত করা এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে এসব দল প্রস্তুত থাকবে। ইতোমধ্যে টহলের মাধ্যমে ভোটকেন্দ্রের ঝুঁকি পর্যালোচনা করা হচ্ছে এবং নির্বাচনী এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

নির্বাচনী নিরাপত্তা আরও জোরদার করতে এসআরবির পক্ষ থেকে ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থান ও নির্ধারিত এলাকায় নিরাপত্তা তল্লাশি এবং সন্দেহজনক বস্তু শনাক্ত করতে এই ডগ স্কোয়াড ব্যবহার করা হবে। এর ফলে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি আগেভাগে শনাক্ত করা এবং নির্বাচনী পরিবেশ নিরাপদ রাখতে সহায়তা মিলবে।

যেকোনো ধরনের বিস্ফোরক-সম্পর্কিত হুমকি মোকাবিলায় এসআরবির পক্ষ থেকে একটি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় কোনো সন্দেহজনক বস্তু বা বিস্ফোরক-সংক্রান্ত ঝুঁকির খবর পাওয়া গেলে পরিস্থিতি মূল্যায়ন করে বিশেষজ্ঞ দলের মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ ক্ষেত্রে জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। কোনো সন্দেহজনক বস্তু চোখে পড়লে সেটিতে হাত না দিয়ে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য আমরা সবাইকে অনুরোধ করছি।

আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থার অংশ হিসেবে নির্বাচনী এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিরাপত্তা কার্যক্রমে সহায়তার জন্য এসআরবি ড্রোন ব্যবহার করবে। ড্রোনের সাহায্যে নির্ধারিত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ, জনসমাগম সম্পর্কে ধারণা পাওয়া এবং সম্ভাব্য বিশৃঙ্খল পরিস্থিতি সম্পর্কে দ্রুত তথ্য সংগ্রহ করা সম্ভব হবে।

দায়িত্ব পালনে স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে এসআরবি বডি-ওর্ন ক্যামেরা ব্যবহার করবে। দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক টহল কমান্ডার ও ডেপুটি কমান্ডার ক্যামেরা পরে দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনের সময় প্রযোজ্য নির্দেশনা অনুসারে ক্যামেরায় প্রয়োজনীয় কার্যক্রম ধারণ করা হবে। এর ফলে দায়িত্ব পালনের বিভিন্ন ঘটনা পর্যালোচনা, অভিযোগ যথাযথভাবে মূল্যায়ন এবং জবাবদিহি নিশ্চিত করতে সহায়তা পাওয়া যাবে। আমরা বিশ্বাস করি, আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহার নির্বাচনী নিরাপত্তাব্যবস্থাকে আরও কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নির্বাচনকেন্দ্রিক নিরাপত্তা কার্যক্রমের সমন্বয়, মাঠপর্যায়ের টহল দলের সঙ্গে যোগাযোগ এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে এসআরবি একটি অপারেশনস কন্ট্রোল রুম চালু করেছে। এর মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত টহল দলগুলোর সঙ্গে যোগাযোগ ও তথ্য বিনিময়, পরিস্থিতি-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ এবং যেকোনো উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত সমন্বিত পদক্ষেপ নিতে সহায়তা করা হবে। ফলে মাঠপর্যায়ের কার্যক্রম ও ঊর্ধ্বতন পর্যায়ের সমন্বয়ের মধ্যে কার্যকর যোগাযোগ বজায় থাকবে এবং জরুরি অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নেওয়া সহজ হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও শারদীয় দুর্গাপূজা-২০২৬-এ সুরক্ষা অ্যাপের সফল ব্যবহারের ধারাবাহিকতায় এই উপনির্বাচনেও নির্বাচন সুরক্ষা অ্যাপ ব্যবহার করা হবে। নির্বাচন চলাকালে কোথাও উত্তেজনা, সংঘর্ষ, নাশকতার আশঙ্কা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির খবর পাওয়া গেলে অ্যাপটির মাধ্যমে পরিস্থিতি মূল্যায়ন করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে এসআরবি দায়িত্ব পালন করবে। পাশাপাশি দায়িত্ব পালনে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রাখা এবং প্রচলিত আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা নিশ্চিত করা হবে।

শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি ভোটার, রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ জনগণেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনের সর্বস্তরের জনগণের প্রতি এসআরবি-১৩-এর আহ্বান—নির্ভয়ে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করুন এবং শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সহযোগিতা করুন। কোনো ধরনের গুজব, অপপ্রচার কিংবা উসকানিমূলক তথ্যে বিভ্রান্ত হবেন না। সন্দেহজনক কোনো কর্মকাণ্ড বা নাশকতার আশঙ্কা দেখা দিলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানান।

নির্বাচনী আচরণবিধি ও প্রচলিত আইন মেনে চলুন এবং নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত থাকুন। জনগণকে আশ্বস্ত করতে চাই যে, ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা ও শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখার দায়িত্ব এসআরবি-১৩ নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পালন করবে।

রাষ্ট্র ও জনগণের মধ্যে তথ্যের সেতুবন্ধন হিসেবে গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নির্বাচনের সময় বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও যাচাইকৃত সংবাদ পরিবেশনের মাধ্যমে জনসচেতনতা বাড়ানো এবং গুজব প্রতিরোধে সম্মানিত সাংবাদিকবৃন্দ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন। তাই সংবাদ প্রকাশের আগে তথ্যের সত্যতা যাচাই করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে নির্বাচনী দায়িত্বে নিয়োজিত সদস্যদের নিরাপত্তা এবং আইনানুগ কার্যক্রমের স্বার্থে সংশ্লিষ্ট নির্দেশনা মেনে সংবাদ সংগ্রহের অনুরোধ জানানো হচ্ছে।

ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচনকে ঘিরে সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করবে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা, জনগণের জানমালের সুরক্ষা দেওয়া এবং সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচন আয়োজনে সহায়তা করাই আমাদের প্রধান লক্ষ্য। আমার বিশ্বাস, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, রাজনৈতিক দল, প্রার্থী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতায় ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।