‘নিরাপদ সড়ক চাই, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে নাটোরে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (২৮ অক্টোবর) জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা রাষ্ট্রের উন্নয়ন ও জননিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমাতে চালকদের ট্রাফিক আইন মেনে চলতে হবে। একই সঙ্গে যাত্রী ও পথচারীদেরও সচেতনভাবে চলাচল করতে হবে। সবার সম্মিলিত উদ্যোগেই সড়ক দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাতায়াতব্যবস্থা গড়ে তোলা সম্ভব।

জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আজহারুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবুল হায়াত এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সহকারী পরিচালক মো. আলতাব হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এর আগে দিবসটি উপলক্ষে নাটোর কালেক্টরেট ভবন চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা সৃষ্টির বার্তা নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।