বাগেরহাটের ফকিরহাটে গাঁজাসহ সিয়াম চৌধুরী নামে একজনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করেছেন।
বুধবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রোকনুজ জামানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত এ দণ্ড দেন।
মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আট্টাকী গ্রামের আল্লাহর দান মসজিদের সামনে থেকে তাঁকে আটক করা হয়। সিয়াম ওই গ্রামের আলম চৌধুরীর ছেলে।
ফকিরহাট মডেল থানার ওসি মোঃ রজিউল্লাহ খানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁকে আটক করে।
ওসি মোঃ রজিউল্লাহ খান জানান, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।