‘নিরাপদ সড়ক, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ আয়োজনে শহরের পানি উন্নয়ন বোর্ড প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি সভাপতি এ্যাড. এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ প্রমুখ।

আলোচনা সভায় বক্তাগণ বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। এ সময় সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।