ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ৩১তম হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৮টায় শহরের পবহাটিস্থ জেলা মারকাজ মসজিদে হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মসজিদের খতিব হাফেজ আশরাফুল আলম। এ সময় বক্তব্য রাখেন পুরাতন ডিসি কোর্ট মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাম্মাদুল্লাহ, হাফেজ কামরুজ্জামান, বাংলাদেশ শিশু একাডেমীর সাবেক উপপরিচালক আয়ুব হোসেন রানা প্রমুখ। প্রতিযোগিতায় জেলার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, হাফেজ, আলেম-ওলামা সহ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।
বক্তাগন বলেন, পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ সমাজে ছড়িয়ে দিতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শিশু-কিশোরদের কোরআন হিফজে উৎসাহিত করা এবং নৈতিক ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ে তুলতে নিয়মিত এমন আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
উল্লেখ্য, হুফফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ দীর্ঘদিন ধরে পবিত্র কোরআনের শিক্ষা প্রসার এবং হাফেজদের মেধা বিকাশের লক্ষ্যে নিয়মিত হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।