যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ঝিনাইদহে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদতবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ নোমান হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের অসামান্য সাহসিকতা, আত্মত্যাগ ও দেশপ্রেমের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা শেষে বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মহান মুক্তিযুদ্ধে শহীদ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়।