গাজীপুরের কালিয়াকৈরে সরকারী বিধি বিধান উপেক্ষা করে পশু জবাইয়ের পর মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এমন অভিযোগে ৬ মাংস ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর এলাকায় মাংসের বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এলাকাবাসী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকার বাজারগুলোতে মাংস ব্যবসায়ীরা সরকারী বিধি বিধান উপেক্ষা করে পশু জবাইয়ের পর মাংস বিক্রি করে আসছেন। তারা নিয়মিত ভোররাতে গরু, ছাগলসহ বিভিন্ন পশু জবাই করেন এবং বাজারগুলোতে সেসব পশুর মাংসা বিক্রি করেন। কিন্তু নিয়ম অনুযায়ী জবাইয়ের পূর্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে এসব পশুর স্বাস্থ্য পরিক্ষা করার কথা। এই পরিক্ষার মাধ্যমে পশু রোগমুক্ত কিনা? তার নিশ্চিত করে এসব পশু জবাইয়ের পর মাংস বিক্রির বিধান রয়েছে। কিন্তু এই সরকারী বিধি বিধান উপক্ষো করে পশু জবাইয়ের পর মাংস বিক্রি করছেন ব্যবসায়ীরা।
এমন অভিযোগে বৃহস্পতিবার সকালে উপজেলার সফিপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. ডদদারুল আহসান, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. মামুনুর রহমানসহ উপজেলা প্রশাসন, পুলিশ, উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।
ওই অভিযান চলাকালে জবাইকৃত পশুর স্বাস্থ্য পরিক্ষার প্রয়োজনীয় ছাড়পত্র দেখাতে পারেনি মাংস ব্যবসায়ীরা। ফলে সরকারী বিধি বিধান অমান্য করার অভিযোগে গরুর মাংস ব্যবসায়ী রফিক, খালেক মিয়া ও মনু মিয়া এবং খাসি মাংস ব্যবসায়ী হাবিব, বাসেদসহ ৬ মাংস ব্যবসায়ীকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ওই মাংস ব্যবসায়ীদের মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, এর আগেও ওই বাজারে অভিযান চালিয়ে শিয়ালের মাংস বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা ও সাজা দেওয়া হয়েছিল।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামসুন নাহার শিলা জানান, ওই এলাকায় মাংসের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় পশুর স্বাস্থ্য পরিক্ষার ছাড়পত্র দেখাতে না পারায় ৬ মাংস ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তবে জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজারগুলোতে শৃঙ্খলা বজায় রাখতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।