কুড়িগ্রামের রৌমারী উপজেলায় নদীর পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ২৯ অক্টোবর দুপুরের দিকে উপজেলার সদর ইউনিয়নের চরবামনের চর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু একই গ্রামের নবীচাঁনের ছেলে নাঈম (৫) ও সুরুজ মিয়ার ছেলে আব্দুল্যাহ (৫)। তারা দুইজন সম্পর্কে আপন চাচাতো জেঠাতো ভাই। শিশু দুটির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পরিবার সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরের দিকে মাকে খুজতে বাড়ির পাশেই জিঞ্জিরাম নদীর কাছে যায় দুই শিশু। পরে শিশু দুটি বাড়িতে ফিরে না আসায়, পরিবারের লোকজন আশেপাশে খোজাখুজির এক পর্যায়ে নদীর পানিতে শিশু দুটিকে অচেতন অবস্থায় ভাসতে দেখে। তাদের উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিয়ে আসলে, কর্তব্য চিকিৎসক দুই শিশুকে মৃত্যু ঘোষনা করেন।

এবিষয়ে স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম জানানা, বাচ্চা দুটি মাকে খুজতে গিয়ে নিখোঁজ হয়। পরে খোজাখুজির এক পর্যায়ে জিঞ্জিরাম নদীর পানিতে ভাসতে দেখতে পায়। উদ্ধার করে রৌমারী হাসপাতালে নিলে ডাক্তার মৃতু ঘোষনা করেন।

রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, চরবামনের চর গ্রামে পানিতে ডুবে শিশু দুটি মৃত্যুর ঘটনা জানার পর খোজ খবর নেয়ার জন্য ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছি।