ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলে চারটি সন্ত্রাসী চক্র ভেঙে দেওয়া হয়েছে এবং এসব চক্রের ১৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজন বিদেশ থেকে এসেছিল বলে জানিয়েছে প্রদেশটির গোয়েন্দা বিভাগ।

ইরানের সিস্তান ও বালুচিস্তান প্রদেশের গোয়েন্দা বিভাগ জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট চারটি সন্ত্রাসী চক্র শনাক্ত করে প্রদেশটির মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চল থেকে ১৬ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

বিভাগটি জানায়, জনসাধারণের দেওয়া তথ্য, ধারাবাহিক গোয়েন্দা তৎপরতা, অভিযানসংক্রান্ত নজরদারি এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার সহযোগিতায় তাদের বাহিনী সিস্তান ও বালুচিস্তানের মধ্যাঞ্চল ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় চারটি চক্রকে শনাক্ত করে। পরে এসব চক্রের ১৬ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে কয়েকজন বিদেশ থেকে এসেছিল।

গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে কয়েকজন ইরানশাহরে একদল পুলিশ সদস্যকে হত্যার সঙ্গে জড়িত ছিল। গ্রেপ্তারের পর তাঁদের বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিরাপত্তা বাহিনী গ্রেফতারকৃতদের কাছ থেকে অস্ত্র ও যুদ্ধের গোলাবারুদ জব্দ করেছে। জব্দ করা অস্ত্রের মধ্যে রয়েছে নয়টি কালাশনিকভ রাইফেল, যুক্তরাষ্ট্রে তৈরি দুটি এম৪ রাইফেল এবং সংশ্লিষ্ট গোলাবারুদসহ সাতটি পিস্তল।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের গোয়েন্দা তৎপরতা ও গণমাধ্যম নেটওয়ার্কের বিরুদ্ধে আরেকটি পদক্ষেপ হিসেবে প্রদেশটির দক্ষিণাঞ্চলে প্রতিরক্ষা ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থানসংক্রান্ত তথ্য সংগ্রহ ও পাঠানোর সময় আরও তিনজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।