সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে কমেছে সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন সবজির দাম। তবে সবজির বাজারে স্বস্তি ফিরলেও চড়া দামেই বিক্রি হচ্ছে মুরগি। মাছ, মাংস ও ডিমের বাজারেও খুব একটা স্বস্তি নেই।

শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, শেওড়াপাড়া ও কাজীপাড়া বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় দাম কমেছে বেশির ভাগ সবজির। শিম বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৭০ থেকে ৮০ টাকা, যা গত সপ্তাহে ছিল ১০০ থেকে ১২০ টাকা। নতুন আলুর দাম কেজিতে ২০ টাকা কমে হয়েছে ৮০ টাকা। মুলা বিক্রি হচ্ছে ৪০ টাকা, বড় ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা এবং ছোট বাঁধাকপি ৩০ থেকে ৪০ টাকা পিস।

শীতকালীন সবজির সরবরাহ বাড়ায় কমেছে গ্রীষ্মকালীন সবজির দামও। পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫০ থেকে ৬০ টাকা। বেগুন ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ৮০ থেকে ১০০ টাকা এবং টমেটো ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া জলপাই ৪০ থেকে ৫০ টাকা, গাজর ১২০ থেকে ১৪০ টাকা, পেঁপে ১৫ থেকে ২০ টাকা কমে এবং আলু ৫ টাকা কমে ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম রয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়।

অন্যান্য সবজির মধ্যে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখি ৪০ থেকে ৫০ টাকা, শসা ৮০ থেকে ১০০ টাকা, বরবটি ৬০ থেকে ৮০ টাকা এবং মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

সবজির দাম কমার বিষয়ে তালতলা বাজারের বিক্রেতা আবু হানিফ বলেন, গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম কমেছে। পাইকারি বাজারে সরবরাহ ভালো থাকায় আগামী সপ্তাহে দাম আরও কমতে পারে।

এদিকে মুরগির বাজারে স্বস্তি নেই। প্রতি কেজি সোনালি কক মুরগি ৩৩০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩৩০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় লাল লেয়ার মুরগির দাম কেজিতে ২০ টাকা কমেছে।

মাছের বাজারেও রয়েছে চড়া দাম। চাষের শিং ৩৫০ থেকে ৬০০ টাকা, দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, রুই ৪০০ থেকে ৫৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা এবং চাষের পাঙাশ ১৮০ থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এ ছাড়া চিংড়ি ৮০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা, পাবদা ৪৫০ থেকে ৫০০ টাকা এবং টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

মাংসের বাজারে গরুর মাংস ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ডিমের মধ্যে প্রতি ডজন লাল ডিম ১৩০ থেকে ১৩৫ টাকা এবং হাঁসের ডিম ১৮০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকা এবং সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা।

শাকের বাজারে লাল শাকের আঁটি ১৫ টাকা, লাউ শাক ৫০ টাকা, কলমি শাক দুই আঁটি ২০ টাকা, পুঁই শাক ৪০ টাকা এবং ডাঁটা শাক দুই আঁটি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও মুরগি, মাছ ও মাংসের দামে ভোগান্তি কমেনি ক্রেতাদের।