নওগাঁর মান্দায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের চার সক্রিয় সন্ত্রাসী নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল ঝটিকা অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতের মাধ্যমে শুক্রবার সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
মান্দা থানা পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মান্দা উপজেলার ৫নং গণেশপুর ইউনিয়নের শ্রীরামপুর ঋষিপাড়া গ্রামে আসামি শাওন হাসানের বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন,শ্রীরামপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে ও ৫নং গণেশপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি শাওন হাসান (৩০) শ্রীরামপুর গ্রামের শ্রী গণেশ ঋষির ছেলে যুগল ঋষি (২২), চক কালিদাস গ্রামের মৃত মরু ঋষির ছেলে অনিল ঋষি (৫৮) এবং পার নওগাঁর ৭নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আসিফ আহমেদ (২৬)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতা ও সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তারকৃত ৪ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। আজ শুক্রবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।