নদী খননের মাটি বসতবাড়ির পাশে অতিরিক্ত পরিমাণে ফেলায় অনেক বাড়ির বারান্দা পর্যন্ত পলিমাটিতে ঢেকে গেছে। এতে ঘরবাড়ি ছাড়ার উপক্রম হয়েছে অন্তত ৩০ থেকে ৩৫টি পরিবারের।

এ ঘটনায় প্রতিবাদে নেমেছেন গ্রামের নারী-পুরুষেরা। শুক্রবার বিকেলে তেলিখালী গ্রামে অর্ধশতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে অতিরিক্ত পলি ভরাটের প্রতিবাদ জানান।

তাঁদের অভিযোগ, নদী ড্রেজিংয়ের পলি নেওয়ার বিষয়ে তাঁরা সম্মতি দিয়েছিলেন। কিন্তু নির্ধারিত পরিমাণের চেয়ে বেশি পলি ফেলায় বসতবাড়ি মাটির নিচে চাপা পড়ছে। গত ছয় দিন ধরে এভাবে পলি ভরাট করা হচ্ছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় পরিবারগুলো।

স্থানীয় বাসিন্দা দিব্যেন্দু বৈরাগী বলেন, “আমরা পলিমাটি নিতে চেয়েছিলাম, কিন্তু অতিরিক্ত মাটি ফেলায় বসতবাড়িগুলো পলির নিচে পড়ে যাচ্ছে। বারান্দা পর্যন্ত মাটি উঠে গেছে।

এখন আমরা আর পলি নিতে চাই না।”এদিকে বাসিন্দাদের প্রতিবাদের মুখে ড্রেজিংয়ের পাইপ নদীর অপর পাড়ে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।