আজ চতুর্থ দিনের সকালটা গুরুত্বপূর্ণ ছিল বাংলাদেশের জন্য। ম্যাচে টিকে থাকতে হলো যতটুকু পারা যায় স্কোরবোর্ডে রান যোগ করতে হতো। সেজন্য বড় দায়িত্ব ছিল শেষ স্বীকৃত ব্যাটার জাকের আলী অনিকের। কিন্তু দিনের শুরুতেই হতাশ করে ফেরেন তিনি। তবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন নাঈম হাসান। একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের লিড দেড়শ ছাড়িয়ে নিয়ে গেছেন তিনি। ইনিংসে একমাত্র ব্যাটার হিসেবে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। উইকেটের অবস্থা বলছে, লড়াকু পুঁজিই পেয়েছে বাংলাদেশ।
আজ শনিবার (৩১ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪৮.৪ ওভার ব্যাট করে ১৪২ রান তুলেছে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে লিড পেয়েছিল ২৭ রানের। ফলে দুই ইনিংস মিলিয়ে এখন টাইগারদের লিড দাঁড়িয়েছে ১৬৯ রানে।
চতুর্থ দিনের সকালটা যে কঠিন হবে সেটি অনুমেয়ই ছিল। একে তো গতকাল থেকে উইকেট থেকে স্পিনাররা সহায়তা পাচ্ছিলেন, তার ওপর সকালের ফ্রেশ উইকেট। এই অবস্থায় উইকেটে টিকে থাকাটাই মূল লক্ষ্য। তবে সেটি পারলেন না জাকের। দিনের প্রথম ওভারেই জোমেল ওয়ারিকানের স্লোয়ারে পরাস্ত হয়ে ক্যাচ তুলে দিলেন তিনি। ৩৪ বলে ২২ রানের ইনিংসের সমাপ্তি হলো।
পথ হারানো বাংলাদেশকে আরও কিছু গুরুত্বপূর্ণ রান এনে দেয় অষ্টম উইকেটে হাসান মাহমুদ ও নাঈম হাসানের জুটি। ৬০ বল খেলে স্কোরবোর্ডে ২৬ রান যোগ করেন তারা। ইনিংসের ৪০তম ওভারের শেষ বলে হাসানকে ফিরিয়ে এই জুটি ভাঙেন ওয়ারিকান। ক্যারিবীয়ান স্পিনারের কুইকার ডেলিভারিতে বলের লাইন মিস করেন হাসান (৩১ বলে ৮)। আম্পায়ার এলবিডব্লিউ আউট দেওয়ার পর রিভিউ নিয়েছিলেন তিনি। তবে সেটি কার্যকর হয়নি।
এরপর নাঈমকে সঙ্গ দিতে ব্যাটিংয়ে নেমে ১৭ রানের আরেকটি জুটি গড়েন তাইজুল ইসলাম। ৩০ বলের এই নবম উইকেট জুটি ভাঙেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। তার স্পিনে পরাস্ত হয় এলবিডব্লিউ হন তাইজুল (১৬ বলে ৮)।
শেষ ব্যাটার হিসেবে উইকেটে নামা শরিফুল ইসলামকে নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাঈম। একপ্রান্ত আগলে রেখে হফসেঞ্চুরির কাছে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু এরপরই শুরু হয় বৃষ্টি। সকাল ১০টা ৪২ মিনিটের দিকে বৃষ্টির কারণে খেলা বন্ধ ঘোষণা করেন আম্পায়াররা।
প্রায় ২০ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ। বিরতি থেকে ফিরেই হাফসেঞ্চুরি তুলে নেন নাঈম। আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ারের এটি তার প্রথম হাফসেঞ্চুরি। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করা একমাত্র ব্যাটারও তিনিই। এরপর অবশ্য আর বেশিদূর যেতে পারেননি তিনি। রোস্টন চেজের করা ৪৯তম ওভারের চতুর্থ বলে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ধরা পড়েন জসুয়া বিশপের হাতে। এর আগে ৯১ বলে ৫২ রান আসে নাঈমের ব্যাট থেকে। বাংলাদেশের ইনিংস থামে ১৪২ রানে।
এর আগে ৪ উইকেট হাতে রেখে ৭৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৩২ বলে ১৮ রানে জাকের আর ৩০ বলে ১৮ রানে অপরাজিত থেকে মাঠে নেমেছিলেন নাঈম।