গাজীপুরের কালিয়াকৈরে মহাসড়কের আন্ডারপাসের ওপর পড়েছিল এক যুবকের ছিন্নভিন্ন লাশ। শনিবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার খাড়াজোড়া এলাকার ফ্লাইওভারের ওপর থেকে নিহতের লাশ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ভোর ৫টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় আন্ডারপাসের ওপর ছিন্নভিন্ন অবস্থায় পড়েছিল এক যুবকের লাশ। এমন খবর পেয়ে ভোর সাড়ে ৫টার দিকে নাওজোড় হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে মহাসড়কের ওই আন্ডারপাসের ওপরে যায়।

এসময় তার শরীরের বিভিন্ন অংশ ছিন্ন ভিন্ন অবস্থায় আন্ডারপাসের ওপর পড়েছিল। পরে ওই আন্ডারপাসের ওপর থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবের নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। এসময় নিহতের পড়নে ছিল কালো রঙের টি শার্ট ও লুঙ্গী। কিন্তু ওই আন্ডারপাসের ওপরে যুবকের ছিন্নভিন্ন লাশ নিয়ে নানা রহস্যের কথা জানিয়েছেন এলাকাবাসী।

প্রাথমিকভাবে পুলিশের দাবী, রাতের কোনো এক সময় অজ্ঞাত নামা গাড়ি তাকে চাপা দিলে তার মৃত্যু হয়েছে। তবে এটা সড়ক দুর্ঘটনা নাকি অন্য কোনো ঘটনা? সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছে পুলিশ।

এব্যাপারে নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।