নাটোরের নলডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা প্রদীপ কুমার দাস (৮০) আর নেই। দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করে গতকাল শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি রাজশাহী রেলওয়ে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী ও এক সন্তান রেখে যান।
তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

প্রদীপ কুমার দাস নলডাঙ্গা উপজেলার ২ নম্বর মাধনগর ইউনিয়নের বাঁশিলা গ্রামের কাঁচারি পাড়ার বাসিন্দা। তিনি মৃত মাখন চন্দ্র দাসের ছেলে।

গতকাল শুক্রবার সকাল ১০টা ৭ মিনিটে নিজ বাড়িতে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনোয়ার জাহান, মুক্তিযোদ্ধা আবদুল হাকিম, নলডাঙ্গা থানার উপ পরিদর্শক (এসআই) হাসানসহ পুলিশের একটি দল উপস্থিত থেকে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা এই বীরের প্রয়াণে স্থানীয়দের মধ্যে গভীর শোকের অনুভূতি বিরাজ করছে। এলাকাবাসী তাঁর আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।