বগুড়ার নন্দীগ্রামে সরকার ঘোষিত ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম মোস্তফাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রশিক্ষণ উদ্বোধনের পর তথ্য সংগ্রহকারীদের হাতে ইলেকট্রনিক ট্যাব তুলে দেওয়া হয়। এ কার্যক্রমে ৮৭ জন তথ্য সংগ্রহকারী ও ৯ জন সুপারভাইজারকে প্রশিক্ষণ দেওয়া হবে। তিনটি ব্যাচে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। প্রথম ব্যাচে অংশ নেন ৩৪ জন প্রশিক্ষণার্থী।
প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি তথ্য সংগ্রহের কাজ আরও নির্ভুল ও সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। ট্যাবের মাধ্যমে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হলে কাজের গতি বাড়বে এবং তথ্য ব্যবস্থাপনাও সহজ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।