‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার নন্দীগ্রামে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। রবিবার ( ১ নভেম্বর) সকালে নন্দীগ্রাম উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নন্দীগ্রাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইকবাল মাহমুদ লিটন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. রাশেদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুশান্ত কুমার ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, জেকে এগ্রো ফার্মের স্বত্বাধিকারী খাদিজা খাতুন, স্বপ্ন অঙ্কুর এগ্রো ফার্মের স্বত্বাধিকারী উজ্জল হোসেন এবং জাগরণ যুব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান ইসমাইল হোসেন সরকার প্রমুখ।
এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, যুব উদ্যোক্তা এবং যুব প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে যুব প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পাশাপাশি যুব উদ্যোক্তাদের মধ্যে যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সাতজনের মধ্যে গবাদিপশু পালনের জন্য মোট ৮ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এর মধ্যে চারজনকে ১ লাখ টাকা করে এবং তিনজনকে ১ লাখ ৫০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বীরপলি যুব উন্নয়ন সংস্থার পরিচালক হাফিজার রহমান।