দিনাজপুর জেলার বিরামপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘জাতীয় যুব দিবস-২০২৬’ উদ্‌যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।

রবিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়।

র‍্যালী শেষে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় অনুষ্ঠানের আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হায়দার চৌধুরী, আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবির, উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল,পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু প্রমুখ।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মোছাঃ তানজিনা খাতুন বক্তব্যে বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং দেশের সামগ্রিক উন্নয়নে তরুণ সমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। পাশাপাশি যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণসুবিধা কাজে লাগিয়ে বেকার যুবকদের স্বাবলম্বী হওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করে দিক নির্দেশনা দেন।

অনুষ্ঠান শেষে যুবকদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার লক্ষ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়। এ ধরনের উদ্যোগ তরুণদের সফল উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে এবং জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সাহায্য করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।