দেশের বাজারে স্বর্ণের গহনার দাম বেড়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বেড়েছে তিন হাজার ২৬৬ টাকা। এতে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বাড়ায় এই দাম বাড়ানো হয়।

আজ সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে এই দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

আজ বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৮১ হাজার ২০০ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

এর আগে গতকাল রোববার ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল দুই লাখ সাত হাজার ৭৯৪ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের গহনার দাম ছিল এক লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।