গাজীপুরের কালিয়াকৈরে নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবীতে চলমান ভয়াবহ আন্দোলনের মাঝেও নিখোঁজের তিন ঘন্টা পর নদী থেকে পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়নের বড়ইবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তুরাগ নদী থেকে তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।
নিহত হলেন, জয়পুরহাটের পাঁচবিধি থানার তাজপুর এলাকার বাবু হোসেনের ছেলে আবু হাসান। তিনি উপজেলার বোর্ডমিল এলাকার পৌর বিএনপি সাবেক সিনিয়র যুগ্ম সাধারন সম্পদক সাইজুদ্দিন আহম্মেদের বাড়িতে বাসা ভাড়া থেকে স্থানীয় লীজ ফ্যাশান লিমিটেড নামে পোশাক কারখানার কাজ করতেন।
এলাকাবাসী, নিহতের পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে নূন্যতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবীতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ করে আসছে পোশাক কারখানার শ্রমিকরা। এর ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে মহাসড়ক অবরোধ রেখে বিক্ষোভ মিছিল করে। এই আন্দোলনের এক পর্যায় বিজিবি, পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষের ঘটনায় কবির নামে এক বিজিবি’র এক সদস্য, সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হন।
শ্রমিকদের এই আন্দোলনের কারণে সব কারখানা ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ। এ সুযোগে আবু হাসান তার কয়েকজন সহকর্মীর সঙ্গে দুপুরে উপজেলার কালিয়াদহ এলাকায় তুরাগ নদীতে মাছ ধরতে যান। এসময় তিনিসহ তার চারজন সহকর্মী কালিয়াদহ এলাকা থেকে তুরাগ নদী সাঁতরে ওপারে বড়ইবাড়ী এলাকায় যাচ্ছিলেন। কিন্তু তার চার সহকর্মী সাঁতরে তীরে উঠতে পারলেও আবু হাসান নদীর পানিতে ডুবে নিখোঁজ হন। পরে তার সহকর্মীরা জরুরী সেবা ৯৯৯-এ ফোনে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যান।
এসময় তারা ওই শ্রমিককে উদ্ধার করতে ব্যর্থ হয়ে গাজীপুরের টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরি দল খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের ডুবুরী দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে তার লাশ উদ্ধার করে। খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থলে গেলে তাদের কাছে নিহতের লাশ হস্তান্তর করে ফায়ার সার্ভিস। এ ঘটনায় নিহতের পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
টঙ্গী ফায়ার সার্ভিসের সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের (ডুবুরী ইউনিট) টিম লিডার ইদ্রিস আলী জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে বিকেল সাড়ে ৪টার দিকে নিহতের লাশ উদ্ধার করে ডুবুরী দল। পরে নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।