খুলনা নগরীর নিরালা এলাকার দীর্ঘদিনের ময়লা-আবর্জনা ও বর্জ্যের স্তূপ অপসারণ করে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নগরবাসীর স্বস্তি ফেরাতে উদ্যোগ নিয়েছেন খুলনা সিটি করপোরেশন।

দীর্ঘদিন ধরে নিরালা এলাকায় জমে থাকা ময়লা-আবর্জনা ও বর্জ্যের স্তূপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষণ এবং শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছিল। এতে চরম ভোগান্তিতে পড়ছিলেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে বর্জ্য অপসারণের পাশাপাশি সেখানে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

ময়লা-আবর্জনামুক্ত পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার পাশাপাশি বৃক্ষরোপণের মাধ্যমে এলাকাটিকে সবুজায়ন করার এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন নগরবাসী। তাঁদের প্রত্যাশা, এ উদ্যোগের ধারাবাহিকতা বজায় থাকলে নিরালা এলাকাসহ খুলনা নগরীর পরিবেশ আরও সুন্দর, পরিচ্ছন্ন ও বাসযোগ্য হয়ে উঠবে।

নগরবাসীর প্রত্যাশা, শুধু নিরালা নয়, খুলনা মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লা থেকে অবৈধভাবে জমে থাকা বর্জ্যের স্তূপ অপসারণ, নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও বৃক্ষরোপণ অব্যাহত থাকবে। একই সঙ্গে পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর নজরদারি বজায় রাখবে।

পরিচ্ছন্ন, সবুজ ও দূষণমুক্ত খুলনা গড়ার এ উদ্যোগ বাস্তবায়িত হলে নগরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে বলে আশা করা হচ্ছে।